খুলনা নিউমার্কেটের সামনে দুই গাড়ির সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা আরোহীরা
সংগৃহীত
মো. আল-মাহফুজ শাওন, খুলনা প্রতিনিধি
খুলনা নগরীর নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে দুটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাড়ি দুটির ক্ষয়ক্ষতি হলেও অল্পের জন্য রক্ষা পেয়েছেন আরোহীরা। দুর্ঘটনায় বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. সাকলাইন মোস্তাকের গাড়িকে পেছন থেকে একটি সরকারি গাড়ি ধাক্কা দেয়। এতে উভয় গাড়ির ক্ষতি হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পথচারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় গাড়ি দুটি নিউমার্কেটের প্রধান ফটকের সামনে সরিয়ে নেওয়া হয়। এ সময় ঘটনাস্থলে পুলিশকে দুর্ঘটনার বিষয়ে তদন্ত করতে দেখা যায়।
এদিকে, সরকারি গাড়ির চালক বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও দায় রয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এমকে/বিএম২৪








