টুপটুপ রিসোর্টে আগুন: মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা, গ্রেপ্তার ১
সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহারে তানভীর সুলতান মিয়া, তাঁর ব্যবসায়িক অংশীদার নিয়াজ মোরশেদ এবং রিসোর্টের রেস্টুরেন্ট ম্যানেজার মোহাম্মদ সুমনসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। তদন্তের স্বার্থে অপর এক আসামির নাম প্রকাশ করেনি পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোহাম্মদ সুমন।
রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
তিনি জানান, পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এ ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের আইনের আওতায় আনতে অভিযান চলছে। অধিকতর তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) সকালে উখিয়ার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ফায়ার সার্ভিস ১০ জনের মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন ওসি আতিকুর রহমান। পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্তের পর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এমকে/বিএম২৪









