প্রধানমন্ত্রীর রংপুর সফর ঘিরে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
সংগৃহীত
আনোয়ারুল ইসলাম রনি, রংপুর ব্যুরো
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি নিতে সভা করেছে রংপুর মহানগর বিএনপি। সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং নেতা-কর্মীদের মধ্যে সমন্বয়ের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রংপুর নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর এ সফর সামনে রেখে প্রয়োজনীয় প্রস্তুতি এবং সফরসূচি সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে সভায় আলোচনা করেন নেতারা।
সভায় বিএনপির শীর্ষ নেতারা দলের সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা মেনে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় বজায় রাখা এবং নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন বলেন, “প্রধানমন্ত্রীর রংপুর সফরকে ঘিরে মহানগর বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরকে সুশৃঙ্খল ও নির্বিঘ্ন রাখতে দলের নেতা-কর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।”
রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজুসহ মহানগর বিএনপি ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
এমকে/বিএম২৪








