বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

প্রকাশিত: ০৩ মে ২০২৬, ০১:৩৬ পিএম
বর্ণাঢ্য আয়োজনে খাগড়াছড়িতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন হয়েছে।

 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” স্লোগান নিয়ে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণে ১২-১৪ বছর বয়সী বালক-বালিকাদের এই প্রতিযোগিতা শুরু হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করেন।

 তিনি বলেন, "তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আন্তর্জাতিক মানের অ্যাথলেট, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং ভবিষ্যৎ নেতৃত্ব উঠে আসবে"। তিনি তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সৃজনশীল কাজে নিজেদের মেধার বিকাশের আহ্বান জানান। "তোমাদের প্রত্যেককে নিজেদের গড়ে তুলতে হবে। তবেই বাংলাদেশ শক্তিশালী ভিত্তির ওপর এগিয়ে যাবে,

আলোচনা সভা শেষে সারাদেশের মতো খাগড়াছড়িতেও 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬'-এর লোগো ও ট্রফি উন্মোচন করা হয়। পরে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে স্থানীয় আয়োজনের উদ্বোধন করেন। 

এবারের আসরে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার, এই আটটি জনপ্রিয় খেলায় অংশ নিচ্ছে খুদে ক্রীড়াবিদরা।

গত ২৮ এপ্রিল জেলার ৯টি উপজেলা ও একটি পৌরসভা থেকে প্রাথমিক যাচাই-বাছাই শেষে ৮টি ইভেন্টে মোট ১ হাজার ৪৪০ জন প্রতিযোগীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়।

 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল্লাহ আল মাহফুজ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, জেলা ক্রীড়া অফিসার হারুন-অর-রশিদসহ অন্যান্য উপস্থিত ছিলেন।