চ্যানেল সিক্সটিন ১৬ বছর পর পুনরায় সম্প্রচারে
ফাহিম ইসলাম,বিশেষ প্রতিনিধিঃ
দীর্ঘ ১৬ বছর পর চ্যানেল সিক্সটিন পুনরায় পরীক্ষামূলক সম্প্রচারে এসেছে। দেশের তরুণ প্রজন্মের কাছে এক সময় জনপ্রিয় এই চ্যানেলটি পুনরায় নতুন করে বাণিজ্যিক ও বিনোদনমূলক ধারায় কার্যক্রম শুরু করেছে।
চ্যানেল সিক্সটিন দীর্ঘদিন ধরে সরকারের বৈষম্য ও অনিয়মের শিকার হয়েছে। পূর্বের আওয়ামী লীগ সরকারের তথ্য মন্ত্রণালয় মিথ্যা অভিযোগ ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের মাধ্যমে চ্যানেলটির লাইসেন্স স্থগিত করে সম্প্রচার বন্ধ করে দেয়। এর পেছনে ওই সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দলীয় সমর্থন ও অন্যায় প্রভাব ছিল বলে অভিযোগ উঠেছে। সেই সময় চ্যানেল সিক্সটিনের কর্মজীবন শুরু করা তরুণদের মধ্যে হতাশা সৃষ্টি হয়।
চ্যানেল সিক্সটিনের ব্যবস্থাপনা পরিচালক কে.জি. মুহিদ বলেন, “আমাদের চ্যানেল তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে বিনোদন, তথ্য ও শিক্ষামূলক অনুষ্ঠান নিয়ে আসবে। আমরা আশা করি আগের মতোই চ্যানেলটি দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করবে।”
তিনি আরও জানান, বিগত সময়ে চ্যানেল সিক্সটিনের জনপ্রিয়তা এমন ছিল যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এটি তরুণদের প্রিয় চ্যানেল হিসেবে পরিচিতি পেয়েছিল। এখনও আমরা সেই একই লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি।
চ্যানেলটি এখন অনলাইনে ও ওটিটি প্ল্যাটফর্মে সহজলভ্য। দর্শকরা চ্যানেল-১৬ টিভি ওয়েবসাইট এবং টুইচ প্ল্যাটফর্মে প্রবেশ করে বিশ্বের যে কোনো স্থান থেকে চ্যানেলটি দেখতে পারবেন।
এছাড়াও চ্যানেল সিক্সটিন কেবল দর্শক নয়, কেবল অপারেটর ও বিজ্ঞাপনদাতাদের সহযোগিতাও প্রত্যাশা করছে। আগামি সময়ে চ্যানেল সরকারী অনুমোদনের মাধ্যমে অন্যান্য স্যাটেলাইট ও ওটিটি প্ল্যাটফর্মেও সম্প্রচার সম্প্রসারণ করবে।
পুনরায় সম্প্রচার শুরু হওয়ায় দেশের মিডিয়া জগতে চ্যানেল সিক্সটিনের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বা/মে২৪/ফা









