বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, শুষ্ক আবহাওয়াই থাকবে দেশে

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৮ পিএম
বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, শুষ্ক আবহাওয়াই থাকবে দেশে

নিজস্ব প্রতিবেদক:

দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী শনিবার (২২ নভেম্বর) এর মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য এই লঘুচাপটি ঘণীভূতও হতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

দেশজুড়ে শুষ্ক আবহাওয়ার প্রবণতা অব্যাহত

আবহাওয়া অফিস জানায়, বুধবার (১৯ নভেম্বর) সকাল ৯টা পর্যন্ত সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। ভোরের দিকে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।

একই দিনের সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টাতেও একই অবস্থা বজায় থাকবে। তবে সারা দেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার: কুয়াশা বাড়তে পারে

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতে তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২১ নভেম্বর) একই ধরনের শুষ্ক আবহাওয়া ও তাপমাত্রা বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না।

পাঁচ দিনে তাপমাত্রা কমার ইঙ্গিত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে। শীতের আগমনী বার্তা হিসেবে দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার পরিমাণও বৃদ্ধি পাবে।