পঞ্চম তলা থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

প্রকাশিত: ০৩ আগস্ট ২০২৬, ০২:০১ পিএম
পঞ্চম তলা থেকে পড়ে নারী চিকিৎসকের মৃত্যু

সূত্রঃ ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক


ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি বহুতল আবাসিক ভবনের পঞ্চম তলা থেকে পড়ে ডা. হেমিকা আগরওয়াল (৪০) নামে এক নারী মনোরোগ বিশেষজ্ঞের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে পুলিশ।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রোববার (২ আগস্ট) সন্ধ্যায় গাজিয়াবাদের রাজ নগর এক্সটেনশনের নন্দগ্রাম থানার আওতাধীন অফিসার সিটি-২ আবাসিক সোসাইটিতে এ ঘটনা ঘটে।


পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ডা. হেমিকা আগরওয়ালকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, প্রায় দেড় বছর আগে ডা. হেমিকা আগরওয়ালের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি মানসিক চাপ ও বিষণ্নতায় ভুগছিলেন। তবে তার মৃত্যুর সঙ্গে এসব ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


নিহতের বাবা ডা. আর. চন্দ্র গাজিয়াবাদের একজন জ্যেষ্ঠ মনোরোগ বিশেষজ্ঞ। তিনি মেয়ের চিকিৎসা-সংক্রান্ত কিছু তথ্য তদন্তকারীদের কাছে দিয়েছেন। পুলিশ বলছে, তদন্তের অংশ হিসেবে এসব তথ্যও যাচাই করা হচ্ছে।


এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে ফরেনসিক দল। পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।


নন্দগ্রামের সহকারী পুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহমদ জানান, প্রাথমিক তদন্তে কিছু তথ্য পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও বিস্তারিত তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।


পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে ঘিরে সব সম্ভাব্য দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো হচ্ছে না।