নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার শঙ্কা, উদ্ধারকাজ স্থগিত চীনের
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যার রেশ কাটতে না কাটতেই একই এলাকায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন একটি ‘ব্যারিয়ার হ্রদ’ ভেঙে পড়ার আশঙ্কায় তিব্বতে উদ্ধারকাজ সাময়িকভাবে স্থগিত করেছে চীন।
চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভি শুক্রবার (২৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সীমান্তের কাছে নতুন একটি ব্যারিয়ার হ্রদের সন্ধান পাওয়া গেছে। যেকোনো সময় হ্রদটি ভেঙে পড়তে পারে। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণে আগামী তিন দিন তিব্বতে উদ্ধার কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যারিয়ার হ্রদ মূলত প্রাকৃতিক কোনো বাধায় নদী বা জলপ্রবাহের পথ আটকে গেলে তৈরি হয়। গত বুধবার নেপাল ও তিব্বতে যে ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়, তার পেছনেও এমন একটি হ্রদ ভেঙে পড়ার ঘটনা ছিল।
নতুন শনাক্ত হওয়া হ্রদটি আগের হ্রদটির আরও উজানে তিব্বতের ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত। সেখানে বর্তমানে প্রায় ২০ লাখ ঘনমিটার পানি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতোমধ্যে হ্রদটি থেকে পানি উপচে পড়তে শুরু করেছে। আগামী তিন দিনে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি সেখানে জমা হতে পারে বলে সতর্ক করেছে চীন।
ঝুঁকি মোকাবিলায় চীনের জলসম্পদ মন্ত্রণালয় হ্রদটির পানির স্তর ও ভৌগোলিক পরিবর্তন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার গ্রামগুলো খালি করা হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে বেইজিং ও চেংদু থেকে বিশেষ দল পাঠানো হয়েছে।
এর আগে বুধবারের আকস্মিক বন্যায় নেপালের রাসুয়া এবং তিব্বতের গিরং এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানির সঙ্গে কাদা, পাথর ও ধ্বংসাবশেষে বিস্তীর্ণ এলাকা চাপা পড়ে। এখনো নিখোঁজদের উদ্ধারে নেপালে অভিযান চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
এমকে/বিএম২৪









