নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, নিখোঁজ ২ হাজার ৪৯৮
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪৯৮ জন। রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির সরকার সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানিয়েছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ৭৩৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে চিতাওয়ান জেলায়—২৫৯টি। পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি এবং পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাদিংয়ে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং রাসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাসুয়া জেলায় আকস্মিক বন্যার সূত্রপাত হলেও পানির প্রবল স্রোতে মরদেহগুলো ভেসে কয়েকশ মাইল দূরের বিভিন্ন এলাকায় গিয়ে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে উদ্ধার অভিযানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে হেলিকপ্টার। বন্যায় অনেক এলাকার সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চার দিন পরও কিছু এলাকায় সড়ক বা পায়ে হেঁটে পৌঁছাতে পারেননি উদ্ধারকারীরা।
এদিকে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, এখন পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে মাত্র ২০টি শনাক্ত করা সম্ভব হয়েছে। মর্গে জায়গা না থাকা এবং মরদেহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত ফ্রিজার না থাকায় সেগুলো সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে দাফনের আগে মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে। পরবর্তী সময়ে স্বজনরা যোগাযোগ করলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: কাঠমান্ডু পোস্ট









