খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব নিলেন ম্রাসাথোয়াই মারমা
সূত্রঃ সংগৃহীত
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। রোববার (৩০ আগস্ট) সকালে পরিষদের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে চেয়ারম্যানসহ ১৪ জন সদস্য তাদের কার্যভার গ্রহণ করেন। এ সময় নবগঠিত পরিষদকে জেলা পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব গ্রহণ শেষে নবনিযুক্ত চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, এই পরিষদ হবে গণমুখী ও জনবান্ধব। জেলার শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরিষদের নবনিযুক্ত সদস্য মো. নুরুল আবছার বলেন, ‘নতুন পরিষদের কাছে মানুষের প্রত্যাশা অনেক। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় পরিষদের সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর।’
নবগঠিত ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের অন্য সদস্যরা হলেন - রিপল চাকমা, শান্তিপ্রিয় চাকমা, দেব রানী চাকমা, মো. নুরুল আবছার, মো. আব্দুল মালেক, মোশাররফ হোসেন, ক্ষেত্র মোহন রোয়াজা, খনি রঞ্জন ত্রিপুরা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণ শেষে জেলার সার্বিক উন্নয়ন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।









