শিক্ষিকা রনজিলা হত্যা: সন্দেহভাজন ছিনতাইকারী ও সহযোগী গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় স্কুলশিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলার মূল সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনিকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় তার এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) র্যাব-২-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এতে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বক্তব্য দেবেন।
এর আগে চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় আসেন প্রধান শিক্ষক রনজিলা পারভীন। জাতীয় সংসদ ভবন এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী তার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করে।
এ সময় ছিনতাইকারীদের টানে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রনজিলা। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তের অংশ হিসেবে র্যাব-২ অভিযান চালিয়ে মূল সন্দেহভাজন পনি ওরফে প্যারা পনি এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।









