সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে সাবেক সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাকে আগামী ১৪ সেপ্টেম্বর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি সঙ্গে নিয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবুল হাসনাত স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। অনুসন্ধানের স্বার্থে তার বক্তব্য নেওয়া প্রয়োজন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
অভিযোগের অনুসন্ধান ও প্রতিবেদন তৈরির জন্য দুদকের পরিচালক মো. আবুল হাসনাতকে দলনেতা এবং উপপরিচালক মোজাম্মেল হোসেনকে সদস্য করে দুই সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে।
নোটিশে নির্ধারিত তারিখে দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ-সংশ্লিষ্ট বিষয়ে নিজের বক্তব্য দিতে সাবেক সেনাপ্রধানকে অনুরোধ করা হয়েছে।
এমকে/বিএম২৪









