ইরানে চলতি বছর অন্তত ২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
সূত্রঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্ক
ইরানের বিভিন্ন কারাগারে চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত আফগানিস্তানের অন্তত ২০ নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (আইএইচআর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইরানে প্রায় প্রতি মাসেই অন্তত একজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সময়ে গড়ে প্রতি মাসে অন্তত তিনজন আফগান নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মাদক-সংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এসব মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থাটি এসব মামলার বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, অনেক মামলায় স্বচ্ছতার ঘাটতি ছিল। অভিযুক্তদের আইনজীবীদের প্রবেশাধিকার সীমিত ছিল এবং দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যদেরও মামলা ও তাদের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যাপ্ত তথ্য জানানো হয়নি।
আইএইচআরের প্রতিবেদনে বলা হয়েছে, বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে শিরাজের আদেলাবাদ কারাগার, তায়বাদ কারাগার, ইয়াজদ কারাগার এবং ইস্ফাহানের দাস্তগার্দ কারাগারে। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মাদক-সংক্রান্ত মামলার আসামি।
প্রতিবেদনে গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামে দুই আফগান নাগরিকের কথা উল্লেখ করা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আফসার শাহ-আহমাদি, সাফাই ও সদরুদ্দিন আহমেদজাদ নামে আরও তিন আফগান নাগরিককে গত জুলাইয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে একটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল।
মানবাধিকার সংস্থাটি বলেছে, এসব আফগান নাগরিকের অনেকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ইরান কর্তৃপক্ষ প্রকাশ্যে কোনো ঘোষণা দেয়নি। ফলে দেশটিতে ঠিক কতজন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন।
এর আগে ২০২৫ সালে ইরানে ৮৫ জন আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: খামা প্রেস









