৭ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর, স্থবির থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৭:২৫ পিএম
৭ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর, স্থবির থাকবে আমদানি-রপ্তানি বাণিজ্য

 আতিকুজ্জামান,  (শার্শা) যশোর প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা ৭ দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 তবে এ সময়ে বেনাপোল-পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

রবিবার (২৪ মে ২০২৬) সকাল ১০টার দিকে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বেনাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এ সময় বন্দরে পণ্য লোড-আনলোডসহ অভ্যন্তরীণ সকল বাণিজ্যিক কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোর্তজা হোসেন বলেন, বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

অন্যদিকে বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, সরকারি ছুটি ব্যতীত কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ককর পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন।

এ বিষয়ে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানান, ঈদের ছুটি শেষে আগামী ১ জুন থেকে বন্দরের সকল কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে।