৪০০ টাকার পথে কাঁচা মরিচ, বেগুন ১৫০—স্বস্তি নেই সবজির বাজারে

প্রকাশিত: ০১ আগস্ট ২০২৬, ১১:৩০ এএম
৪০০ টাকার পথে কাঁচা মরিচ, বেগুন ১৫০—স্বস্তি নেই সবজির বাজারে

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক


রাজধানীর সবজির বাজারে এখনও কমার কোনো লক্ষণ নেই। টানা বৃষ্টির প্রভাব দেখিয়ে অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন ও কাঁচা মরিচ। বাজারে গোল বেগুনের কেজি ১৫০ থেকে ১৬০ টাকা, আর কাঁচা মরিচের দাম মান ও জাতভেদে পৌঁছেছে ৩৮০ থেকে ৪০০ টাকায়।


শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতাদের দাবি, সাম্প্রতিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে সবজির সরবরাহ কমে গেছে। ফলে দাম বেড়েছে এবং আরও কিছুদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।


বাজারে দেখা যায়, ঢ্যাঁড়স প্রতি কেজি ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটল ৮০ টাকা, টমেটো ১৩০ টাকা, গাজর ১২০ টাকা এবং শসা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লম্বা বেগুনের কেজি ১২০ টাকা, গোল বেগুন ১৫০ থেকে ১৬০ টাকা, বরবটি ১২০ টাকা, ধন্দুল ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা এবং লতি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৮০ টাকা ও জালি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।


সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সাদিকুল ইসলাম বলেন, কয়েক দিন ধরেই সবজির দাম অস্বাভাবিকভাবে বেশি। বৃষ্টির তীব্রতা এখন কমলেও বাজারে তার প্রভাব রয়ে গেছে। অধিকাংশ সবজির দাম ১০০ টাকার ওপরে থাকায় সাধারণ মানুষের জন্য বাজার করা কঠিন হয়ে পড়েছে বলে জানান তিনি।


রামপুরা বাজারের সবজি বিক্রেতা মোজাম্মেল হক বলেন, টানা বৃষ্টিতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক সবজির উৎপাদন কমেছে। বিশেষ করে কাঁচা মরিচের গাছ নষ্ট হওয়ায় এর সরবরাহ কমে গেছে। এছাড়া কৃষকেরা অনেক জায়গায় জমি থেকে সবজি তুলতেও সমস্যায় পড়েছেন। এসব কারণে বাজারে দাম বেড়েছে এবং দ্রুত কমার সম্ভাবনাও কম।