চট্টগ্রাম চেম্বারে ৫৭ সাব-কমিটি, নাম জমা ১৫ আগস্ট পর্যন্ত

প্রকাশিত: ০৯ আগস্ট ২০২৬, ০৩:০২ পিএম
চট্টগ্রাম চেম্বারে ৫৭ সাব-কমিটি, নাম জমা ১৫ আগস্ট পর্যন্ত

সূত্রঃ ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক



চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতের সমস্যা, সম্ভাবনা ও প্রয়োজনীয় করণীয় নির্ধারণে ৫৭টি স্ট্যান্ডিং সাব-কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)। এসব কমিটির মাধ্যমে বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মতামত নিয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করেছে চেম্বার কর্তৃপক্ষ।


চেম্বারের সদস্যরা নিজেদের পছন্দের সাব-কমিটিতে অন্তর্ভুক্তির জন্য আগামী ১৫ আগস্টের মধ্যে নাম জমা দিতে পারবেন। এ জন্য নির্ধারিত ই-মেইলে নাম পাঠানোর আহ্বান জানিয়েছে চেম্বার।


রোববার (৯ আগস্ট) চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, চট্টগ্রামের বহুমাত্রিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতের সমস্যা, সংকট ও সম্ভাবনা চিহ্নিত করতে তৃণমূল পর্যায়ের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর চেম্বার গঠনে এসব সাব-কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


চেম্বার সূত্র জানায়, প্রস্তাবিত সাব-কমিটিগুলোর মধ্যে রয়েছে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইন্স্যুরেন্স, পোর্ট, শিপিং, ইমপোর্টার্স, এক্সপোর্টার্স, পলিসি অ্যাডভোকেসি, লেবার, লাইটারেজ অ্যান্ড ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট, খাদ্যশস্য, লবণ ও মসলা, ভোজ্যতেল, শিল্প, নির্মাণসামগ্রী, কর, পাট, টেক্সটাইল, ক্ষুদ্র ও কুটিরশিল্প, পরিবহন ও যোগাযোগ, অভ্যন্তরীণ বাণিজ্য, নারী উদ্যোক্তা, পর্যটন ও আতিথেয়তা, পরিবেশ, জ্বালানি ও বিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), গবেষণা ও উন্নয়ন, পোলট্রি, মৎস্য, হর্টিকালচার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্টার্টআপ, অসুস্থ শিল্প, ব্যবসা পরিচালনার ব্যয় ও সহজীকরণ, ডব্লিউটিও এবং শিল্প দক্ষতা উন্নয়ন।


এ ছাড়া বিকেন্দ্রীকরণ ও প্রশাসনিক সংস্কার, রেমিট্যান্স, বৈশ্বিক ব্যবসায়িক অভিঘাত, বিনিয়োগ উন্নয়ন, ব্যাকওয়ার্ড ও ফরওয়ার্ড লিংকেজ, আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় বাণিজ্য, প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং, হোটেল ও রেস্টুরেন্ট, মার্কেট ও শপিংমল, বেকারি ও কনফেকশনারি, লাইট ইঞ্জিনিয়ারিং, গ্রিন এনার্জি ও কার্বন নিয়ন্ত্রণ, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, চামড়া ও চামড়াজাত পণ্য, সড়ক ও মহাসড়ক, স্টিল ও সংশ্লিষ্ট খাত, সিমেন্ট এবং গার্মেন্টস অ্যাকসেসরিজও এসব সাব-কমিটির আওতায় থাকবে।


চেম্বার কর্তৃপক্ষের প্রত্যাশা, বিভিন্ন খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণে সাব-কমিটিগুলো কার্যকরভাবে কাজ করবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের সমস্যা ও দাবিগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তা তুলে ধরার সুযোগ আরও বাড়বে।



এমকে/বিএম২৪