বিয়ের আনন্দ বিষাদে রূপ: ডোবায় মিলল নিখোঁজ যুবকের মরদেহ
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের ডোবা থেকে আবুল হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার একলাশপুর ইউনিয়নের মাজার রোড এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আবুল হোসেন ওই ইউনিয়নের মৃত বাবুলের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিকভাবে আবুল হোসেন মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত ছিলেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাতে বাড়িতে এক ভাগ্নির বিয়ের আয়োজন ছিল। বিয়ের সেই আনন্দঘন পরিবেশের মাঝেই রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। দীর্ঘ সময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহটি ফুলে গিয়েছিল।
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, 'নিহতের পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, আবুল হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় অসাবধানতাবশত তিনি ডোবার পানিতে পড়ে যান। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।'








