আলমারির অন্ধকার কোণে লুকিয়েছিল মৃত্যু: সাপের ছোবলে দুই সন্তানের জননীর প্রাণহানি
মো: মিজানুর রহমান সুমন, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
সংসার সাজাতে গিয়ে আলমারিতে রাখা ছিল টুকিটাকি প্রয়োজনীয় জিনিস। কে জানত, সেই আলমারির অন্ধকার কোণেই ওত পেতে আছে সাক্ষাৎ মৃত্যু! রবিবার (১২ জুলাই) দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মিরওয়ারিশপুর গ্রামে এক মর্মান্তিক ঘটনায় বিষাক্ত সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন ২৫ বছর বয়সী শাহানাজ আক্তার। দুই শিশুসন্তানের জননীর এমন আকস্মিক মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের মাতম।
প্রতিদিনের মতোই ঘরকন্নার কাজে ব্যস্ত ছিলেন শাহানাজ। দুপুরের খাবারের জন্য পেঁয়াজ আনতে তিনি হাত দেন আলমারিতে। কিন্তু আলমারির ভেতরে লুকিয়ে থাকা একটি বিষাক্ত সাপ মুহূর্তের মধ্যে তার হাতে ছোবল দেয়। তীব্র যন্ত্রণায় আর্তনাদ করে ওঠেন তিনি। কিছু বুঝে ওঠার আগেই বিষের নীল আভা ছড়িয়ে পড়ে তার শরীরে।
দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার চেষ্টা করেন স্বজনরা। কিন্তু অবস্থার দ্রুত অবনতি হতে থাকলে দুপুর আড়াইটার দিকে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই চালিয়ে যান শাহানাজ। কিন্তু বিষের তীব্রতা হার মানায় চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাকে। বিকেল সাড়ে ৪টার দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন দুই সন্তানের এই জননী।
শাহানাজের অকাল মৃত্যুতে তার পরিবার ও প্রতিবেশী স্বজনদের আহাজারিতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে ওঠে। স্বামী জায়েদ হোসেন বাকরুদ্ধ, সন্তানদের করুণ আর্তনাদ আকাশ-বাতাস ভারী করে তুলেছে। যে মা কিছুক্ষণ আগেও সন্তানদের মুখে খাবার তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তিনিই আজ নিথর দেহ হয়ে ফিরে এলেন বাড়িতে।
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, সাপের বিষে আক্রান্ত হয়ে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় তাকে আনা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
বর্ষার এই মৌসুমে বসতঘর ও আসবাবপত্রের আনাচে-কানাচে সাপের উপদ্রব বেড়ে যায়। প্রিয়জনের এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কাউকে দেখতে না হয়, সেজন্য প্রতিটি ঘরোয়া স্থান ব্যবহারের আগে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।








