জানালার গ্রিলে গামছা প্যাঁচানো অবস্থায় বিএনপি নেতার মরদেহ উদ্ধার
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রামে নিজ বাড়ি থেকে কালাম চাকলাদার (৬০) নামে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় খাটের ওপর তার নিথর দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নিহত কালাম চাকলাদার রণবিজয়পুর গ্রামের মৃত হাতেম আলী চাকলাদারের ছেলে। তিনি ষাটগম্বুজ ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি বাগেরহাট সদর উপজেলা বিএনপির বিভিন্ন কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। পারিবারিক কারণে প্রায় এক বছর ধরে তিনি স্ত্রী-সন্তানদের থেকে পৃথক হয়ে নিজ বাড়িতে একাই বসবাস করছিলেন।
নিহতের ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম জানান, প্রায় এক বছর আগে কালাম চাকলাদারের স্ত্রী সন্তানদের নিয়ে বাগেরহাট শহরে চলে যান। এরপর থেকে তিনি বাড়িতে একাই থাকতেন। শনিবার সকালে তাকে খাবার দেওয়ার উদ্দেশ্যে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বাড়িতে গিয়ে ঘরের দরজা খোলা দেখতে পান স্বজনরা।
এরপর ঘরে প্রবেশ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় খাটের ওপর কালাম চাকলাদারের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।









