পার্বত্য চট্টগ্রামের কৃষি সম্প্রসারণে দুই মন্ত্রীর ফের বৈঠক
সূত্রঃ সংগৃহীত
চাই সুই উ মারমা, রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আধুনিক, টেকসই ও সম্ভাবনাময় করতে দ্বিতীয় দফায় বৈঠক করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
সোমবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকে পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় কৃষিপণ্য কাজুবাদাম, কফি, আদা, হলুদ ও আনারসের উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ ছাড়া অ্যান্টিবায়োটিক ও ভ্যাকসিনমুক্ত দেশি মুরগি পালন, সাতিফসল চাষ এবং পাহাড়ি অঞ্চলের সেচব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকে পার্বত্য অঞ্চলের কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর জোর দেন দুই মন্ত্রী। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় কৃষকদের সহায়তা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়েও তাঁরা মতবিনিময় করেন।
এর আগে রোববার (২০ সেপ্টেম্বর) একই বিষয়ে প্রথম দফায় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি।
সৌজন্য সাক্ষাৎকালে তাঁরা পার্বত্য চট্টগ্রামসহ দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
ধারাবাহিক এসব বৈঠকে পার্বত্য চট্টগ্রামের কৃষি ও প্রাণিসম্পদ খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই উৎপাদনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
এমকে/বিএম২৪









