​‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পিএম
​‘শেখ শেখ করিস না, শেখের বেটি আসবে না’, পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ

সূত্রঃ সংগৃহীত

​সাইয়্যেদ মুহাম্মদ শান্ত, পঞ্চগড় প্রতিনিধি


পরিকল্পিত সন্ত্রাস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে এ কর্মসূচি পালন করা হয়।


​জেলা যুবদলের উদ্যোগে জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-তেঁতুলিয়া এশিয়ান মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গী মোড়ের শহীদ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


​জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে পঞ্চগড়ের পাঁচটি উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ছাত্রদল ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


​সমাবেশে সভাপতির বক্তব্যে জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল বলেন, “আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনার প্রতি আস্থা রেখে আমরা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছি। জনগণের অধিকার, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের কেউ যদি কোনো ধরনের গুপ্ত হামলা, নৈরাজ্য বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে, তবে জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করা হবে।”


​জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, “তারেক রহমানের নেতৃত্বে একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই লক্ষ্য নিয়েই আমরা মাঠে নেমেছি। কেন্দ্রীয় যুবদলের যেকোনো দিকনির্দেশনা বাস্তবায়নে পঞ্চগড় জেলা যুবদল সবসময় প্রস্তুত ও ঐক্যবদ্ধ রয়েছে।


​জেলা যুবদলের দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক মওদুদ আহমেদ বলেন,আমরা কোনো ধরনের নৈরাজ্য বা সংঘাত চাই না। মানুষ যেন নিরাপদে চলাফেরা করতে পারে এবং ব্যবসা-বাণিজ্যসহ স্বাভাবিক জীবনযাত্রা নির্বিঘ্ন থাকে—সেটাই আমাদের প্রত্যাশা। তবে কেউ যদি জনগণের শান্তি বিনষ্ট করার দুঃসাহস দেখায়, তাহলে আমরা রাজপথে থেকে তার দাঁতভাঙা জবাব দেব।


মিছিলে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরাও অংশ নেন। এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে এবং নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। ​সমাবেশ থেকে নেতারা সর্বস্তরের জনগণকে শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি পঞ্চগড়ের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা সর্বদা পাশে থাকবে বলে আশ্বাস দেন।


এমকে/বিএম২৪