পুলিশের সক্ষমতা বাড়াতে রাশিয়া-বাংলাদেশের সহযোগিতা জোরদারের উদ্যোগ
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এ লক্ষ্যে দুই দেশের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত সংলাপ, তথ্য বিনিময় ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।
পুলিশ সদরদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রাশিয়ান নাগরিকদের নিরাপত্তা এবং ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে আইজিপিকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন তিনি।
আইজিপি রাশিয়ার রাষ্ট্রদূতের এ আগ্রহকে স্বাগত জানান। তিনি দুই দেশের উচ্চপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের মধ্যে নিয়মিত সংলাপ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়া সাইবার নিরাপত্তা, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ প্রদানে রাশিয়ার সহযোগিতা কামনা করেন আইজিপি।
সাক্ষাতে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমকে/বিএম২৪








