শিপ্রার মৃত্যুর বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন
সূত্রঃ সংগৃহীত
মালিকুজ্জামান কাকা, যশোর প্রতিনিধি
যশোরে মেধাবী শিক্ষার্থী শিপ্রার রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার এবং প্রধান অভিযুক্ত অপার গোবিন্দ দাসের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে চাঁচড়া ভাতুড়িয়া হাইস্কুল ও চাঁচড়া স্কুল অ্যান্ড কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা শিপ্রার মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে বিভিন্ন স্লোগান দেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, শিপ্রার মৃত্যুর ঘটনায় অপার গোবিন্দ দাসকে প্রধান অভিযুক্ত হিসেবে দাবি করা হচ্ছে। তাকে দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন হতে পারে বলে তারা মনে করেন।
শিক্ষার্থীরা আরও বলেন, কোনো ধরনের প্রভাব বা আইনি দীর্ঘসূত্রতা ছাড়াই মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে চাঁচড়া ভাতুড়িয়া হাইস্কুলের মেধাবী শিক্ষার্থী শিপ্রার মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকেই তার পরিবার ও সহপাঠীরা মৃত্যুটিকে হত্যাকাণ্ড দাবি করে আসছেন। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করে আসছেন তারা।
শিপ্রার মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
এমকে/বিএম২৪








