চট্টগ্রামে ২ লাখ টাকা ঘুষসহ সাব-রেজিস্ট্রার আটক
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে নগদ ২ লাখ টাকা ঘুষ গ্রহণের সময় আবদুস সোবহান নামে এক সাব-রেজিস্ট্রারকে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল। এ সময় তার সঙ্গে থাকা হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকেও আটক করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে নগরীর পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, চট্টগ্রামের এক আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে জমা দেন। অভিযোগ অনুযায়ী, দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও সংশ্লিষ্টরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া আটকে রাখেন।
পরে দলিল দুটি নিবন্ধন করে দেওয়ার জন্য সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম ওই আইনজীবীর কাছে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে দুদকে অভিযোগ করা হয়।
ঘুষের দাবিতে ওই আইনজীবী প্রথমে দুদকের হটলাইন ১০৬ নম্বরে অভিযোগ করেন। পরে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ লিখিত আবেদন করেন তিনি।
অভিযোগের পর কমিশনের অনুমোদন নিয়ে মঙ্গলবার ট্র্যাপ অভিযান পরিচালনা করে দুদক। অভিযানের সময় ২ লাখ টাকা ঘুষ গ্রহণের মুহূর্তে সাব-রেজিস্ট্রার আবদুস সোবহান, হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশকে আটক করা হয়।
দুদক সূত্র আরও জানায়, আটক তিনজনের বিরুদ্ধে দুদকের জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এ মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
এমকে/বিএম২৪








