চট্টগ্রামে থানার পেছনে ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত মূলহোতা গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ঠিক পেছনে রিকশাযাত্রীকে ছুরি দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় ভিডিও ফুটেজে শনাক্ত সাদ্দাম হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশের দাবি, সাদ্দাম পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনে অন্তত নয়টি মামলা রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. ইউসুফের ছেলে। পুলিশের ভাষ্য, তার নির্দিষ্ট কোনো জীবিকা নেই। সহযোগী মাইন উদ্দিন ওরফে বান্ডুকে সঙ্গে নিয়ে তিনি নগরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন।
পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর সকাল পৌনে ৭টার দিকে নগরের কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকার সতীশ বাবু লেনে একটি অটোরিকশার গতিরোধ করেন কয়েকজন। পরে এক যাত্রীকে ছুরি দেখিয়ে তার কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়। কোতোয়ালি থানার পেছনে এমন ঘটনা ঘটার পর এর ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনার পর জড়িত ব্যক্তিরা মোবাইল ফোন বন্ধ করে অবস্থান পরিবর্তন করতে থাকেন বলে জানায় পুলিশ। পরে ডিবির ‘টিম-৩১’ ছায়াতদন্ত শুরু করে। একপর্যায়ে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তর শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে ভিডিও ফুটেজে সাদা টি-শার্ট পরা অবস্থায় দেখা সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদ্দামের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ছিনতাই, দস্যুতা ও দ্রুত বিচার আইনে অন্তত নয়টি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৫ সালে কোতোয়ালি থানার টেরিবাজার এলাকায় একই কায়দায় এক নারীকে ছুরিকাঘাত করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ঘটনাতেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশের ভাষ্য, কোতোয়ালি থানার পেছনে ছিনতাইয়ের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে কোতোয়ালি থানার পেছনে ছিনতাই এবং এর পরদিন নগরের ব্যস্ত লালখানবাজার-কাজীর দেউড়ি সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক পর্যায়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে। এসব ঘটনার পর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূরকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে।
এমকে/বিএম২৪








