পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রের সঙ্গে বলাৎকারের অভিযোগ: শিক্ষক গ্রেফতার, স্বীকারোক্তি দিয়েছেন

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৫ পিএম
পুঠিয়ায় মাদ্রাসা ছাত্রের সঙ্গে বলাৎকারের অভিযোগ: শিক্ষক গ্রেফতার, স্বীকারোক্তি দিয়েছেন

ইব্রাহীম হোসেন সম্রাট, রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১)-কে এক ছাত্রকে জোরপূর্বক বলাৎকারের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পুঠিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। 

অভিযুক্ত রকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) তিনি চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে মাদ্রাসার সবাই ঘুমিয়ে পড়ার পর আসামি ছাত্রটির মুখে বালিশ চেপে ধরে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। অভিযোগ অনুযায়ী, ছাত্রটি ঘটনার পর তার বাবাকে বিষয়টি জানান। এরপর মঙ্গলবার দুপুর ২টার দিকে বাবা স্থানীয়দের সাহায্যে মাদ্রাসায় গিয়ে আসামিকে অবরুদ্ধ করেন। স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে থানায় মামলা দায়ের হয়।

বুধবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন!

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হবে।" এ ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ এখনও কোনো বক্তব্য দেননি।

এ ধরনের ঘটনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে একাধিক মাদ্রাসায় অনুরূপ অভিযোগ উঠেছে, যা কর্তৃপক্ষের তদন্তের দাবি জোরদার করেছে।