নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মানবিকতা: পরিবার ফিরে পেল নিখোঁজ বৃদ্ধকে
মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (নজরুল বিশ্ববিদ্যালয়)ব্যবস্থাপনা বিভাগের (২০২২-২৩) শিক্ষাবর্ষের শিক্ষার্থী দেবদূত কর তীর্থ'র প্রচেষ্টায় এক পরিবার ফিরে পেয়েছে তিন মাস ধরে নিখোঁজ থাকা এক বৃদ্ধকে।
মঙ্গলবার (৮ অক্টোবর ২০২৫) ভোর ৩টার দিকে কিশোরগঞ্জ থেকে আগত পরিবারের সদস্যদের কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিন মাস ধরে নিখোঁজ থাকা ওই বৃদ্ধকে হস্তান্তর করা হয়।
এযাবৎ পাওয়া তথ্যানুযায়ী, দেবদূত কর তীর্থ একই সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) – এর ময়মনসিংহ সদর শাখা সভাপতি। ময়মনসিংহ হেল্পলাইন নামের একটি ফেসবুক গ্রুপে বৃদ্ধের করুণ অবস্থা দেখে তিনি ‘নিরাপদ সড়ক আন্দোলন, ময়মনসিংহ সদর’ পেইজে বৃদ্ধের ছবিসহ একটি পোস্ট দেন। অতঃপর এই পোস্টের সূত্র ধরে মাত্র দুই ঘণ্টার মধ্যেই পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হয়।
পরিবার জানায়, “তিন মাস ধরে নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেতে জিডি করেও দেশের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে ওই পোস্টের মাধ্যমে আমরা তার সন্ধান পাই। তীর্থ ভাই এর প্রতি ও তাদের সংগঠনের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। আল্লাহতালা উনার মাধ্যমে আমাদের বাবাকে ফিরিয়ে দিয়েছেন। আমার কৃতজ্ঞতা জানানোর আসলে ভাষা নেই।"
আরও জানা যায়, নিখোঁজ হওয়া ওই বৃদ্ধ চার পুত্রের জনক এবং একসময় মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তীর্থ লিখেছেন, "প্রায় ২-৩ মাস যাবত উনাকে খুঁজে পাচ্ছিলো না। আজকে তাদের খুশি দেখে আমার হৃদয়টাও ভরে উঠলো।"
প্রিয়জনকে ফিরে পাওয়ার এই প্রাপ্তির মূল নায়ক তীর্থ ও তার সহকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বৃদ্ধের পরিবার।স্বজনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যদের চোখেমুখে ছিল প্রাপ্তির আনন্দ।









