দূর প্রবাসের ভিডিও কলে জীবনের ইতি: নাট্যকর্মী শামীমের আত্মহনন

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম
দূর প্রবাসের ভিডিও কলে জীবনের ইতি: নাট্যকর্মী শামীমের আত্মহনন

নিজস্ব প্রতিবেদক:

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভিডিও কলে স্ত্রীকে সামনে রেখে আত্মহত্যা করেছেন নাট্যকর্মী শামীম আকতার (৪০)। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শামীম আকতার ওই গ্রামের পজির উদ্দীনের ছেলে। স্থানীয় নাট্যদল ও বেসরকারি টেলিভিশনের নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি পরিচিতি পেয়েছিলেন নাট্যকর্মী শামীম নামে।

ভিসা জটিলতায় ভেঙে পড়েছিলেন তিনি:

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগেও স্ত্রী মুক্তা আক্তারের সঙ্গে ইতালিগামী ভিসার প্রস্তুতি নিচ্ছিলেন শামীম। প্রায় ৩০ লাখ টাকা ব্যয় করে ভিসা করার চেষ্টা হয়েছিল। শেষ মুহূর্তে ভিসা অনুমোদিত না হওয়ায় স্ত্রী বিদেশ যেতে পারলেও শামীম দেশে আটকে যান। সেই থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

শামীমের ভাই জাপান জানান, বিদেশে থাকা ভাবি ফোনে জানান যে শামীম গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করছেন। বাজার থেকে বাড়ি ফিরে দরজা ভেঙে ঢুকতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

তিনি আরও বলেন, “ভাবি বিদেশ যাওয়ার পর ভাইয়া স্বাভাবিকভাবে কাজ করতে পারছিল না। প্রতি মাসে ভাবির ভরণপোষণে ৭০ হাজার টাকা পাঠাতে হতো। টাকার চাপ, দূরত্ব, হতাশা–সব মিলিয়ে সে চুপচাপ হয়ে যাচ্ছিল।”

হৃদয় ভাঙা এক ভালোবাসার পরিণতি:

প্রতিবেশীদের ভাষ্য, দাম্পত্য জীবনে শামীম ও তার স্ত্রীর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এক মুহূর্তের বিচ্ছেদও তারা সহ্য করতে পারতেন না। ইতালিতে স্ত্রী যাওয়ার পর সেই দূরত্ব ও আর্থিক টানাপোড়েন শামীমকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করছিল।

প্রতিবেশী হাসান, মাজেদ ও মামুন বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভালোবাসা ছিল। ভিসা পেলে সেও স্ত্রীকে যোগ দিত। হঠাৎ কী হলো বুঝে উঠতে পারছি না।”

নাট্যজগতে শোকের ছায়া:

বালিয়াডাঙ্গী টাইগার নাট্যগোষ্ঠীর সদস্য আশরাফুল ইসলাম বলেন, “শামীম ছিল দলের প্রাণ। অভিনয় থেকে সংগঠন, সব জায়গায় তার ছিল নিবেদিত অংশগ্রহণ। সে না থাকায় পুরো নাট্য অঙ্গন শোকাহত।”

পুলিশ বলছে:

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিবাকর অধিকারী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে।