পাবনায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসারের ব্যাপক প্রস্তুতি, সদস্য মোতায়েনে ডিজিটাল পদ্ধতি
ছবি: বিডি মেইল
মো. আরিফুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পাবনায় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। জেলার ৯টি উপজেলার ৩৬৪টি পূজামণ্ডপে নিরাপত্তা, শৃঙ্খলা বজায় রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করবেন বাহিনীর ২ হাজার ৩৮২ জন সদস্য। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে আনসার ব্যাটালিয়নের বিশেষ দল।
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, পাবনা ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করছে।
এবারের দুর্গাপূজায় সদস্য মোতায়েনে যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সদস্য মোতায়েন করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত ও এভিএমআইএসে (AVMIS) নিবন্ধিত সদস্যরা বাহিনীর জব পোর্টালের মাধ্যমে আবেদন করে দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন।
এবারই প্রথম দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্বে যুক্ত হচ্ছেন কলেজভিত্তিক ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরাও। এর ফলে নিরাপত্তা কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন শিক্ষিত ও প্রশিক্ষিত তরুণেরা। ডিজিটাল পদ্ধতিতে সদস্য মোতায়েনের ফলে দায়িত্ব বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দায়িত্ব পালনের সুযোগ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। একই সঙ্গে সিন্ডিকেট, গ্রুপ বাণিজ্য ও দালালচক্রের মাধ্যমে অনিয়মের সুযোগও কমবে।
দুর্গাপূজা উপলক্ষে বাহিনীর কর্মকর্তারা ও ভাতাভোগী সদস্য-সদস্যারা প্রতিমা নির্মাণস্থল ও পূজামণ্ডপ পরিদর্শন করছেন। এ সময় তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করছেন এবং সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত করে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দিচ্ছেন।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাবনা জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুর সরকার বিশ্বাস করেন, প্রশিক্ষিত ও দায়িত্বশীল সদস্যদের সক্রিয় অংশগ্রহণে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে উদ্যাপিত হবে।
তিনি জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের আনন্দ নির্বিঘ্ন রাখতে বাহিনী সর্বাত্মকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।









