২২ দিনের নিষেধাজ্ঞায় ২৫ কেজি করে চাল পেয়ে খুশি জেলেরা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
২২ দিনের নিষেধাজ্ঞায় ২৫ কেজি করে চাল পেয়ে খুশি জেলেরা

ছবি: সংগৃহীত

মো. মমিন আকন, তালতলী (বরগুনা) প্রতিনিধি


বরগুনার তালতলী উপজেলার ১ নম্বর পচাকোড়ালিয়া ইউনিয়নে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মধ্যে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সরকারি সহায়তার চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। এ জন্য তাঁরা সরকার ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন মুন্সীকে ধন্যবাদ জানিয়েছেন।


স্থানীয় জেলেরা জানান, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় এ সময়ে তাঁদের উপার্জন বন্ধ হয়ে যায়। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে নানা সমস্যার মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা হিসেবে চাল পাওয়ায় তাঁদের কিছুটা স্বস্তি ফিরেছে।


জেলেরা আরও জানান, নিষেধাজ্ঞার সময়ে সরকারের দেওয়া এ সহায়তা তাঁদের পরিবারের খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।


চাল বিতরণ কার্যক্রমে ১ নম্বর পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমিন মুন্সী, মৎস্য অফিসের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


জেলেদের প্রত্যাশা, ভবিষ্যতেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে এবং প্রকৃত ও নিবন্ধিত জেলেরা যথাযথভাবে তাঁদের প্রাপ্য সহায়তা পাবেন।