টাইগারদের ফিটনেস ট্রেনার নাথান কেলির পদত্যাগ, পরিবারকেই দিলেন অগ্রাধিকার
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ট্রেনার নাথান কেলি হুট করেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাকরি থেকে পদত্যাগ করেছেন। ইতোমধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে সিদ্ধান্তটি জানিয়ে দিয়েছেন। গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে যোগ দিলেও মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন এই অস্ট্রেলিয়ান ট্রেনার।
চাকরি ছাড়ার কারণ জানাতে গিয়ে কেলি জানিয়েছেন, পরিবারকে আরও বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত। বিশেষ করে সদ্যোজাত সন্তান ও স্ত্রীর পাশে থাকতে চান তিনি। গত মাসে এশিয়া কাপ চলাকালীন সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় উড়ে গিয়েছিলেন কেলি। এরপর আর জাতীয় দলের সঙ্গে যোগ দেননি তিনি।
কেলির অনুপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান সিরিজ এবং দেশে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ফিটনেস ট্রেনারের দায়িত্ব পালন করেছেন স্থানীয় কোচ ইফতেখার রহমান। সাময়িকভাবে তাকেই দায়িত্বে রাখার পরিকল্পনা করছে বিসিবি, যতক্ষণ না নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়।
বাংলাদেশে যোগ দেওয়ার আগে নাথান কেলি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল এবং একটি রাগবি দলের ফিটনেস ট্রেনার হিসেবে কাজ করেছেন। গত দেড় বছরে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ফিটনেস উন্নতিতে তার অবদান ছিল উল্লেখযোগ্য।
নাথান কেলির বিদায়ে বাংলাদেশ দলের প্রস্তুতি এবং শারীরিক সক্ষমতা উন্নয়ন পরিকল্পনায় কী প্রভাব পড়বে, তা এখন সময়ই বলে দেবে। তবে বিসিবি দ্রুত নতুন ফিটনেস ট্রেনার নিয়োগের উদ্যোগ নেবে বলে জানা গেছে।









