৫৬৬ গ্রাম সোনাসহ চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রী আটক
সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬৬ গ্রাম সোনাসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। তাঁর ব্যাগেজে থাকা বিভিন্ন সামগ্রীর ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড এবং তাঁর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) আবুধাবি থেকে আসা একটি ফ্লাইটের ওই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় সন্দেহজনক হিসেবে চিহ্নিত করে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)। পরে ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস গোয়েন্দাদের যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।
আটক মোহাম্মদ কামরুল ইসলামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কামরুলের ব্যাগেজে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার ও বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে চারটি স্বর্ণের দণ্ড লুকানো ছিল। তল্লাশি চালিয়ে সেগুলো উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িটিও জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, উদ্ধার করা স্বর্ণের রাজস্ব মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারের পর স্বর্ণগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাঁকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এমকে/বিএম২৪








