কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পিএম
কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) রাতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আলবার্টার ওয়াইনরাইট শহরে অবস্থিত এই সেনাঘাঁটি কানাডার অন্যতম ব্যস্ত সামরিক স্থাপনা। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কতজন হতাহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি।

এক সংবাদ সম্মেলনে কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগুইন্টি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেখানে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটেছে।’

তিনি আরও জানান, আগুন এখনো সক্রিয় রয়েছে এবং পরিস্থিতি ঝুঁকিপূর্ণ। তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আলবার্টার প্রাদেশিক রাজধানী এডমন্টন থেকে প্রায় ২১০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওয়াইনরাইট শহরটির অবস্থান।

সেনাঘাঁটিটিতে কানাডিয়ান ম্যানুভার ট্রেনিং সেন্টার ও থার্ড কানাডিয়ান ডিভিশন ট্রেনিং সেন্টার রয়েছে। এ ছাড়া এটি দেশটির সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের প্রশিক্ষণ কার্যক্রমেও ব্যবহৃত হয়।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, একটি গুরুতর ঘটনার পরিপ্রেক্ষিতে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তিনিও অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে সেনাঘাঁটি থেকে তাদের সহায়তা চাওয়া হয়।

অগ্নিকাণ্ডের পরও ওয়াইনরাইট শহরের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে স্থানীয় কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দুর্ঘটনাকবলিত এলাকা এড়িয়ে চলতে, সড়ক চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এবং জরুরি প্রয়োজন ছাড়া ওয়াইনরাইটের স্বাস্থ্যকেন্দ্রে না যেতে অনুরোধ করেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান, সিএনএন


এমকে/বিএম২৪