নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই শাসন করবে: তাসনিম জারা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই শাসন করবে: তাসনিম জারা

সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী ব্যবস্থা সংস্কার না করলে গুন্ডাতন্ত্রই দেশ শাসন করে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা।

শনিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তাসনিম জারা লেখেন, অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করছেন এমন একজন ব্যক্তি, যিনি সরকারের একজন প্রতিমন্ত্রী। সেই ঘটনার ভিডিও আবার তাঁর নিজের পেজ থেকেই প্রচার করা হচ্ছে।

তিনি প্রশ্ন তোলেন, প্রকাশ্যে এমন আচরণ করা একজন ব্যক্তি কীভাবে দেশ শাসনের দায়িত্ব পান? তাঁর মতে, সমাজে আরও যোগ্য ও দায়িত্বশীল মানুষ থাকলেও নির্বাচনে অংশ নেওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা এবং বিজয়ী হয়ে সংসদে যাওয়ার বাস্তব সুযোগ তাঁদের জন্য প্রায় বন্ধ করে রাখা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার প্রতিবন্ধকতা তুলে ধরে তাসনিম জারা বলেন, নতুন কোনো স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনে দাঁড়াতে হলে শুরুতেই হাজার হাজার মানুষের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। অন্যদিকে, দলীয় মনোনয়ন পেতে রাজনৈতিক দলগুলোর কাছে তদবির করতে হয়। দলগুলো কাদের এবং কী প্রক্রিয়ায় মনোনয়ন দেয়, তা দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে।

নির্বাচনী ব্যয়ের সীমা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাসনিম জারার অভিযোগ, আইন মেনে চলা প্রার্থীদের নির্ধারিত ব্যয়সীমার মধ্যে প্রচার চালাতে হয়। অথচ প্রভাবশালী প্রার্থীরা সেই সীমা অতিক্রম করে বিপুল অর্থ ব্যয় করলেও নির্বাচন কমিশন অনেক সময় তা উপেক্ষা করে। ফলে সততার সঙ্গে নির্বাচন করতে চাওয়াটাই প্রার্থীদের পিছিয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়।

ভোটের দিনের পরিস্থিতি তুলে ধরে তিনি লেখেন, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধের দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু বাস্তবে সেই দায়িত্বও প্রার্থীদের ওপর এসে পড়ে। প্রতিপক্ষের সন্ত্রাসী বাহিনী মোকাবিলা করতে গিয়ে প্রার্থীদেরও পেশিশক্তির ওপর নির্ভর করতে হয়। এমনকি বৈধ পোলিং এজেন্টদেরও নানা অজুহাতে ভোটকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয় না বলে অভিযোগ করেন তিনি।

তাসনিম জারার মতে, বর্তমান ব্যবস্থায় অস্ত্র, সন্ত্রাসী বাহিনী, বিপুল অর্থ ও প্রভাব রয়েছে—এমন ব্যক্তিরাই নির্বাচনে এগিয়ে থাকেন। অথচ পরে প্রশ্ন তোলা হয়, যোগ্য মানুষ রাজনীতিতে আসেন না কেন কিংবা ভোটাররা কেন এমন প্রতিনিধি নির্বাচন করেন।

তিনি প্রচলিত নির্বাচনী সংস্কৃতির সমালোচনা করে লেখেন, ‘১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা’—এমন ব্যবস্থা বজায় রেখে ভালো নির্বাচনের আশা করা যায় না।

সবশেষে তাসনিম জারা বলেন, নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে এই গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে।

এমকে/বিএম২৪