জামায়াত আমাদের পুরনো বন্ধু নোয়াখালীতে জয়নুল আবেদিন ফারুক
জুয়েল রানা, নোয়াখালীপ্রতিনিধি :
জামায়াতকে পুরোনো বন্ধু উল্লেখ করে মাঠে ভাইয়ে ভাইয়ে আর লড়াই না করাই ভালো বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ক্ষমতায় জামায়াত আসুক-বিএনপি আসুন চিন্তার কিছু নেই মন্তব্য করে তিনি বলেন, ‘এককালের বন্ধু ছিলাম তো এখন একটু বিভাজন হয়ে গেছে। ভোটের লড়াই করি, যুদ্ধ করি ভোটে। এক বাড়িতে ২০ বার যাই কিন্তু ভাইয়ে ভাইয়ে আন্তরিকতা যেন নষ্ট না হয়। কারণ কয়দিন পর আবার দেখা হবে সবার সঙ্গে।’
শনিবার দুপুরে নোয়াখালীতে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার কুলার উদ্বোধন, হুইল চেয়ার ও প্রবাসফেরত অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে সেনবাগ সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে ফারুক বলেন, ‘১৬ বছর ক্ষমতা আকড়ে ছিলেন, এই হাসপাতালটার এ অবস্থা কেন, আজকে কেন শুনতে হলো হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ, কি করেছেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই হাসপাতাল বহুতল ভবনে হবে।’









