জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:

আগামী ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ গঠন করেছে। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে কমিটির প্রধান ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে কমিটির সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন ও প্রকাশ করা হয়।

দলীয় সূত্র জানায়, এই কমিটি আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির অংশগ্রহণের সার্বিক প্রস্তুতি, প্রার্থী চূড়ান্তকরণ, মাঠ পর্যায়ে কার্যক্রম সমন্বয়, আইন ও প্রশাসনিক সহায়তা, গণমাধ্যম ও প্রচার কার্যক্রম তদারকির দায়িত্বে থাকবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, কমিটির অন্যান্য সদস্যরা হলেন—

আরিফুল ইসলাম আদীব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দীন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুন্না, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার ও অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, “জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে সারাদেশে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। নির্বাচন পরিচালনা কমিটি মাঠপর্যায়ের দলীয় তৎপরতা আরও সুসংহত করবে এবং সুষ্ঠু নির্বাচনী প্রস্তুতি নিশ্চিত করবে।”

সদস্য সচিব আখতার হোসেন বলেন, “২০২৬ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এনসিপি একটি জনগণের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রস্তুত করছে। এ কমিটি সেই প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

দলীয় নেতারা জানান, খুব শিগগিরই প্রতিটি বিভাগে আঞ্চলিক নির্বাচন পরিচালনা কমিটিও ঘোষণা করা হবে।