কক্সবাজারে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ পিএম
কক্সবাজারে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় দেয়া প্রতারক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

পর্যটন নগরী কক্সবাজার শহরের সাগর নিবাস রিসোর্ট এর রেস্টুরেন্ট থেকে ভুয়া সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ওই ভুঁয়া মেজর পরিচয় দেয়া প্রতারকের নাম আসিফ। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ই বেংগল এর একটি টহল দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আসিফ নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন। আটক হওয়ার সময় তিনি সেনাবাহিনী পরিচালিত সাগর নিবাস রেস্টুরেন্টে মধ্যাহ্নভোজ করছিলেন এবং মেজর পরিচয়ে ২০ % ডিসকাউন্ট দাবি করেন। তদন্তে জানা গেছে, তিনি এর আগেও গত এপ্রিল মাসে মেজর পরিচয়ে সাগর নিবাস রিসোর্টে ৩ দিন অবস্থান করেছিলেন এবং একজন এফএস কোর্ট পরিহিত ড্রাইভারকে বডিগার্ড হিসেবে ব্যবহার করেছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক আসিফ জানান, তিনি জাতীয় দৈনিক সরেজমিন পত্রিকার কো-এডিটর হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ২০১৪ সালে ময়নামতি রেজিমেন্টে বিএনসিসিতে নিয়োজিত ছিলেন বলেও জানা যায়। ব্যক্তিগত জীবনে তিনি দুইবার বিবাহিত এবং দ্বিতীয় স্ত্রীকে হুমকি ও মামলার মাধ্যমে জোরপূর্বক কক্সবাজারে ভ্রমণে নিয়ে আসেন।

আসিফ ভুয়া সেনা কর্মকর্তা পরিচয় ব্যবহার করে নিজ এলাকায় ও বিভিন্ন স্থানে ব্যক্তিস্বার্থ হাসিল করেছেন। পূর্ববর্তী ভ্রমণকালেও তিনি সেনাবাহিনী পরিচালিত “বে ওয়াচ” হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ সুবিধা গ্রহণ করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে।

আটককৃত প্রতারক মোঃ আসিফুর রহমান, পিতা মোখলেসুর রহমান, গ্রাম পশ্চিম মেড্ডা, পশ্চিম পাইকপাড়া, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা ব্রাহ্মণবাড়িয়া বলে নিশ্চিত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২ পদাতিক ব্রিগেড অধীনস্থ ৯ ই বেংগল এর টহল দল কর্তৃক উক্ত ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণপূর্বক কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে পর্যটন শহরের ব্যবসায়ীদের মাঝে এক ধরণের অজানা আতঙ্ক বিরাজ করছে। এই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সচেতন মহল।