আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান
নিজস্ব প্রতিবেদক:
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় ফিরে আসে, তাহলে “হাসিনার পা ধরেও কেউ মাফ পাবেন না।” আজ রোববার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, “আমি বেশ কয়েকবার বলেছি, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করবে আওয়ামী লীগ। তাদের পরিকল্পনা বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, গুপ্তহত্যা ও নির্বাচন বানচাল করা। ফেব্রুয়ারিতে নির্বাচন বানচাল করতে পারলে দেশে আবার একটি ১/১১ নেমে আসবে।”
তিনি আরও লিখেন, “বাংলাদেশে আরেকটি ১/১১ ছাড়া আর কোনোভাবে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই। তাই শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ অগ্নিসংযোগের পথ বেছে নিয়েছে। সামনে তারা গুপ্তহত্যা শুরু করবে।”
রাশেদ খান সতর্ক করে বলেন, “সম্মিলিতভাবে আওয়ামী লীগকে প্রতিরোধ করতে না পারলে এই বাংলাদেশে আবারও শেখ হাসিনা তথা আওয়ামী লীগ ফিরবে। তারপরের পরিস্থিতি কি হতে পারে, সেটি কারও অবোধগম্য নয়।”
তিনি বলেন, “ভোটের রাজনীতির চিন্তা করে যারা আওয়ামী লীগকে মাফ করে দিচ্ছেন, তারা আওয়ামী লীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না। সুতরাং, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে একতাবদ্ধ থাকুন। নিজেদের মধ্যে বিভক্তির সুযোগে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী শক্তি আওয়ামী লীগকে ফিরতে দিয়েন না।”
রাজনৈতিক প্রেক্ষাপট
আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড ও সহিংস ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ উঠছে। এমন পরিস্থিতিতে রাশেদ খানের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন উস্কানিমূলক বক্তব্য রাজনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে। তবে গণ অধিকার পরিষদ নেতারা বলছেন, রাশেদ খানের বক্তব্য “রাজনৈতিক সতর্কবার্তা” হিসেবে দেওয়া হয়েছে, যাতে জনগণ সজাগ থাকে এবং “স্বৈরাচার ও আধিপত্যবাদী শক্তির” পুনরুত্থান ঠেকানো যায়।









