অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে ধরে গণপিটুনি, সেনা হেফাজতে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম
অস্ত্রসহ চাঁদাবাজির সময় ইউপিডিএফ সদস্যকে ধরে গণপিটুনি, সেনা হেফাজতে পুলিশে সোপর্দ

মোঃমাসুদ রানা,  রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড় উপজেলার খাগড়াবিল এলাকায় অস্ত্রসহ চাঁদাবাজি করার সময় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সদস্য দূর্গা চাকমা (২৫) কে হাতেনাতে আটক করে স্থানীয় জনতা। উত্তেজিত জনতা তাকে মারধরের পর গাছের সঙ্গে বেঁধে রেখে পরে সেনাবাহিনীর হাতে তুলে দেয়।

রবিবার (৯ নভেম্বর) দুপুরে  খাগড়াবিল বাজারে অস্ত্র নিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছিল ইউপিডিএফ সদস্য দূর্গা চাকমা । এ সময় স্থানীয় জনগণ সাহসিকতার সঙ্গে তাকে আটক করার পর গণপিটুনি দেয়।

পরে খবর পেয়ে সিন্দুকছড়ি জোন থেকে একদল সেনাসদস্য ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। তারা আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রামগড় থানায় নিয়ে যান। পরে পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

পুলিশ কর্তৃক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দূর্গা চাকমা স্থানীয় ইউপিডিএফ নেতা জিয়ন চাকমার অধীনে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করে আসছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, আটককৃত দূর্গা চাকমা দীর্ঘদিন ধরে খাগড়াবিল বাজারে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। তাকে আটকের ফলে জনমনে স্বস্তি ফিরে আসবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।

বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।