লিটনকে কিনে শুরুতেই রংপুরের ছক্কা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম
লিটনকে কিনে শুরুতেই রংপুরের ছক্কা

মোঃ জাহেরুল ইসলাম:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের নিলামে আজ দ্বিতীয় নাম হিসেবে ওঠে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের। আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল ঝোড়ো ফিফটি করার পরই আলোচনায় ছিলেন লিটন—ধারণা করা হচ্ছিল, তাঁকে দলে নিতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তুমুল প্রতিযোগিতা দেখা যেতে পারে। তবে আশ্চর্যজনকভাবে তাঁকে ঘিরে বড় ধরনের দর-কষাকষি হয়নি। ৭০ লাখ টাকায় লিটনকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স।

সবশেষ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ছিলেন লিটন। তার ব্যাটিং, কিপিং দক্ষতা এবং নেতৃত্বগুণ মিলিয়ে এবারের নিলামের সবচেয়ে লাভজনক চুক্তিগুলোর একটি হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। নিলামের শুরুতেই যেন ছক্কা হাঁকাল রংপুর।

লিটনের পর নিলামে ওঠে তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ের নাম। ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যের এই ব্যাটারকে দলে পেতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে শুরু হয় দর-কষাকষি। শেষ পর্যন্ত ৯২ লাখ টাকায় হৃদয়কে দলে ভিড়ায় রংপুর রাইডার্স। ফলে এক নিলামেই দুই তারকাকে নিজেদের দলে টেনে শক্তিশালী স্কোয়াড গঠনের ইঙ্গিত দিলো তারা।

এর আগেই সরাসরি চুক্তিতে রংপুর ভিড়িয়েছে জাতীয় দলের দুই তারকা—মোস্তাফিজুর রহমান এবং নুরুল হাসান সোহানকে। বিদেশি কোটায় তারা আগেই দলে নিয়েছিল খাজা নাফে ও সুফিয়ান মুকিমকে।

নিলামের প্রথম ঘণ্টাতেই দলে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় যুক্ত করায় এবারের বিপিএলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ দলগুলোর একটি হয়ে উঠতে পারে রংপুর রাইডার্স। বিশেষ করে লিটন-হৃদয় জুটি দলের টপ অর্ডারে আস্থার প্রতীক হয়ে উঠবে বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকেরা।

রংপুর সমর্থকেরা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দলের বাকি স্কোয়াড ও নিলামের পরবর্তী ঘটনাবলি এখন সবার নজরে।