ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার অনুদান

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:৩৯ পিএম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার, দিলেন আড়াই লাখ ডলার অনুদান

স্পোর্টস ডেস্ক:

বিধ্বংসী ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমার জুনিয়র। মানবিক সহায়তা ও জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন বলে জানিয়েছে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারের দেওয়া এই অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি খাদ্য সরবরাহ, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসাসামগ্রী বিতরণ এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণে ব্যয় করা হবে। ভয়াবহ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারের পাশে দাঁড়াতে তার এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

অনুদান প্রসঙ্গে নেইমার বলেন, ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও শক্তি ও স্বস্তি এনে দেবে।’

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী এই ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে জানানো হয়, গত বুধবার দেশটিতে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত অন্তত এক হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন হাজার ২৩৮ জন।

ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে এবং বাস্তুচ্যুত হয়েছে অন্তত তিন হাজার ১৪২টি পরিবার। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা এখনও ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থা ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ করছে।

এদিকে মানবিক কর্মকাণ্ডের পাশাপাশি মাঠেও ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেইমার। দীর্ঘদিন ইনজুরিতে ভোগার পর সম্প্রতি স্কটল্যান্ডের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন ব্রাজিলিয়ান এই তারকা।

ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, গত এক সপ্তাহে নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তার ভাষ্য, আগের তুলনায় এখন অনেক বেশি সময় মাঠে খেলার মতো ফিটনেস অর্জন করেছেন নেইমার।

ফলে আজ সোমবার বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে ব্রাজিলের হয়ে নেইমারকে আরও দীর্ঘ সময় মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। ব্রাজিল সমর্থকরাও আশাবাদী, দীর্ঘ ইনজুরি কাটিয়ে ধীরে ধীরে নিজের সেরা ছন্দে ফিরবেন দলের অন্যতম এই নির্ভরযোগ্য ফুটবলার।