দেশের বৃহৎ ন্যাশনাল হোলিস্টিক মার্কেটিং প্রতিযোগিতা ‘ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’ অনুষ্ঠিত
জাবি প্রতিবেদক:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) আয়োজিত দেশের অন্যতম বৃহৎ ন্যাশনাল হোলিস্টিক মার্কেটিং প্রতিযোগিতা ‘এসকিউ গ্রুপ প্রেজেন্টস ব্রেকিং ব্র্যান্ড ২০২৬’, পাওয়ার্ড বাই ওয়ালটন অ্যান্ড পূবালী ব্যাংক পিএলসি-এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ জুন সন্ধ্যায় রাজধানীর লে মেরিডিয়ান ঢাকায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বাছাইকৃত সেরা ছয়টি দল তাদের উদ্ভাবনী মার্কেটিং কৌশল, সৃজনশীল চিন্তাভাবনা এবং কৌশলগত দক্ষতা উপস্থাপন করে। ২ লাখ ৫০ হাজার টাকার আকর্ষণীয় প্রাইজপুলকে কেন্দ্র করে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণ ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীদের জন্য নিজেদের দক্ষতা ও সম্ভাবনা তুলে ধরার একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে আবারও পরিচিতি লাভ করেছে।
আয়োজকরা জানান, এবারের আসরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী এবং মোট ৪১৫টি দল নিবন্ধন করে। প্রাথমিক বাছাই শেষে ৩১টি দল দ্বিতীয় রাউন্ডে অংশ নেয়। পরবর্তীতে একাধিক প্রতিযোগিতামূলক ধাপ অতিক্রম করে সেরা ছয়টি দল গ্র্যান্ড ফিনালেতে জায়গা করে নেয়।
প্রতিযোগিতার প্রতিটি ধাপে বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্যক্তিরা বিচারকের দায়িত্ব পালন করেন। ফাইনাল রাউন্ডের বিচারক প্যানেলে ছিলেন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার ও এক্সিকিউটিভ এডিটর সাজিদ মাহবুব, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদ তারেক, কোকা-কোলা সিসিআই বাংলাদেশের এইচআর লিড ইয়াসিন সোহাগ এবং গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর মো. ইফতেখার আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শরীফুল হুদা, প্রক্টর ড. এ.কে.এম. রাশিদুল আলম, ভূগোল বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম এবং সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম।
এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, ডিবিএইচ ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন, কোলগেট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হাসান মাজহার এবং জেইউ আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এসিআই কনজিউমার ব্র্যান্ডসের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিওও মো. কামরুল হাসান। পাশাপাশি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ নির্বাহীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আইবিএ-জেইউ-এর পরিচালক অধ্যাপক ড. আইরীন আক্তার এবং আইবিএ-জেইউ বিজনেস ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক এস. এম. এ. মওদুদ আহমেদের সার্বিক তত্ত্বাবধানে পুরো আয়োজন সম্পন্ন হয়। এছাড়া বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ও আইবিএ-জেইউ বিজনেস ক্লাবের সভাপতি মাজিদুল হক ফারাবি এবং তাঁর নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবক দল অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উল্লেখ্য, আইবিএ-জেইউ বিজনেস ক্লাব গত তিন বছর ধরে ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ের এ মার্কেটিং প্রতিযোগিতার আয়োজন করে আসছে। দেশের স্বনামধন্য কর্পোরেট ব্যক্তিত্ব, শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এবারের জমকালো গ্র্যান্ড ফিনালে প্রতিযোগীদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতায় পরিণত হয়।









