ড্রেনের মুখ বন্ধ থাকায়,বৃষ্টিতে ঘরের ভিতরে হাটু পানি, ভোগান্তিতে ৩০ পরিবার

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:৩৮ পিএম
ড্রেনের মুখ বন্ধ থাকায়,বৃষ্টিতে ঘরের ভিতরে হাটু পানি, ভোগান্তিতে ৩০ পরিবার

সউদ আব্দুল্লাহ,  কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:

প্রচন্ড খরা,দীর্ঘদিন ধরে নেই বৃষ্টির দেখা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই নেমে আসে বৃষ্টির পানি। প্রায় দেড় ঘন্টা ধরে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নিজের জমির উপর দিয়ে দীর্ঘদিনের বয়ে যাওয়া ড্রেনের মুখ বন্ধ করে দেওয়ায় জয়পুরহাটের কালাই পৌরশহরে কাজীপাড়া মহল্লায় কমপক্ষে ৩০টি বাড়ির ভিতরে একহাটু পানি জমে আছে। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

প্রথম শ্রেণীর কালাই পৌরসভা থেকে নাগরিকদের কপালে সেবার পরিবর্তে জুটেছে দূর্ভোগ। আর ভোগান্তিতে পড়েছে ৩০টি পরিবারের প্রায় দুই শতাধীক মানুষ।তাঁদের ভাষ্য, অপরিকল্পিতভাবে বসতবাড়ি নির্মাণ, সেই সাথে পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিতেই তলিয়ে যায় এই মহল্লার বাড়িঘর। শুধু তাই নয়, জমে থাকা পানি নামতেও দীর্ঘ সময় লাগে। 

জানা যায়,প্রথম শ্রেণীর কালাই পৌরসভা। কাজীপাড়া মহল্লা থেকে প্রতিদিন শতশত মানুষ চলাচল করে। সোমবার সকালে হঠাৎ বৃষ্টি হওয়ায় বাড়ি-ঘরে হাটু পানি জমে। এতে চরম ভোগান্তিতে পরে লোকজন। দুপুর পর্যন্ত কেউ বাহির হতে পারেনি। এই মহল্লায় অধিকাংশ বাড়ি অপরিকল্পিতভাবে নির্মাণ করা এবং পানি নিস্কাশনের ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টির পানিতে বাড়ি-ঘর তলিয়ে যায়। ফলে অল্প পানিতেই জমে হয় হাটুপানি। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগ পোহাচ্ছেন এই মহল্লার বাসিন্দারা। অপরদিকে ওই মহল্লায় পৌরসভার চিকন একটি ড্রেন রয়েছে। ওই ড্রেন হয়ে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি পারাপার হয়ে আসছে। মহল্লার বাসিন্দা ছফির উদ্দিন, কালাম ও আবু সাঈদ নামের ব্যক্তিরা ওই ড্রেনের মুখ বন্ধ করে দেয়। তাদের দাবী, দুই সীমানার মধ্যে ড্রেন নির্মাণ না করে তাদের নিজেদের জায়গার উপর সে সময় পৌরকর্তৃপক্ষ জোরপূর্বক ড্রেন নির্মান করেছে। তাই ড্রেনের মুখ বন্ধ করেছে।    

বাড়ির ভিতরে একহাটু পানি জমে আছে ওই মহল্লার বাসিন্দা ফারজানা, রজুফা, রেজিয়া, তোমেজ উদ্দিন বিউটি বেগমসহ কমপক্ষে ৩০টি পরিবারের। তাদের মধ্যে রজুফা বেগম বলেন, বাড়ির ভিতরে পানি জমে থাকার সমস্যা আজকের নয়, এটি দীর্ঘদিনের। অনেকবার বলেছি, কোনো লাভ হয়নি। তিনি আরও বলেন, চুলাতে পানি জমে থাকায় কোনো রান্নার কাজ করতে পারিনি। পরিবারের সবাই না খেয়ে আছে। এ সমস্যা সমাধানের আবারও অনুরোধ জানিয়েছেন তিনি।  

ওই মহল্লার বাসিন্দা বালা মিয়া বলেন, সামান্য বৃষ্টি হলেই ঘরের মেঝে পানিতে তলিয়ে যায়।অথচ পৌরসভার ড্রেন বন্ধ করে রেখেছে আরেকজন। এর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ওই মহল্লার বাসিন্দারা।

আরেক বাসিন্দা ফারজানা বলেন,‘দিনদিন এ এলাকায় বসবাসের পরিবেশ অনুপযোগী হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই বাড়ি-ঘরে জমে পানি। যত্রতত্র ময়লা-আবর্জনাও জমে থাকে। আসলে বলে কোনো লাভ হয়না।’

ছফির উদ্দিন বলেন,‘নকশা ছাড়াই অপরিকল্পিত ভাবে বসতবাড়ি ও ড্রেন নির্মাণ করার কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে। যে ড্রেন নির্মাণ করা হয়েছে,তা দুই সীমানার মধ্যে না করে আমাদের তিনজনের জায়গার উপর করা হয়েছে। সে কারনে ড্রেনের মুখ বন্ধ করা হয়েছে।’

কালাই পৌরসভার নির্বাহী প্রকৌশলী একেএম সাইফুল ইসলাম বলেন,‘ এ সমস্যা একদিনের নয়, বেশ কয়েকবার কাজ করতে গিয়ে ফিরে আসতে হয়েছে। আজ জলাবদ্ধতার কারনে বন্ধ ড্রেনের মুখ খুলে দিতে গিয়েও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হয়েছে। আগামীতে এর একটা স্থায়ী সমাধান করা হবে।