বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সমাজের প্রকৃত দর্পণ- চবি উপাচার্য

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৯:০৮ পিএম
বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই সমাজের প্রকৃত দর্পণ- চবি উপাচার্য

আহমেদ মুনহা, চবি প্রতিনিধি :

সাংবাদিকতা সমাজের দর্পণ উল্লেখ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেছেন, স্বাধীন সাংবাদিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো হস্তক্ষেপের ইচ্ছা নেই। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, সত্যতা যাচাই এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা সাংবাদিকদের প্রধান দায়িত্ব।

আজ সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত ‘গল্পে আড্ডায় সাংবাদিকতা ও ফল উৎসব–২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘অনেকে মনে করেন প্রশাসন সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চায়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাসী এবং এর পূর্ণ স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে চাই না। সাংবাদিকতা সমাজের দর্পণ। সেই দর্পণ যদি ময়লাযুক্ত বা ভাঙা হয়, তাহলে সমাজের প্রতিচ্ছবিও বিকৃত হয়ে ওঠে। আর দর্পণ যত স্বচ্ছ হবে, সমাজের প্রকৃত চিত্রও তত স্পষ্টভাবে ফুটে উঠবে।’


তিনি বলেন, সাংবাদিকদের উচিত সমাজের ইতিবাচক দিকের পাশাপাশি অনিয়ম ও অসংগতিও তুলে ধরা। তবে প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের সত্যতা নিশ্চিত করা জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীজন ক্যাম্পাস সাংবাদিকরা। তাঁদের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা চিহ্নিত ও সমাধান করা সম্ভব।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, ফল উৎসব বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। ইতিবাচক ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আতিয়ার রহমান, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি এবং চবি শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন।

চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবি প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, চবিসাসের সাবেক সভাপতি ও আজকের পত্রিকা–এর ডেপুটি ব্যুরো প্রধান ওমর ফারুক, দর্শন বিভাগের প্রভাষক মীর হোসেন মজুমদার, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা ও আমন্ত্রিত অতিথিরা।

আলোচনা পর্বে সাংবাদিকতার পেশাগত চ্যালেঞ্জ, সমসাময়িক বাস্তবতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। পরে অতিথিদের নানা ফলে আপ্যায়নের মধ্য দিয়ে ফল উৎসব অনুষ্ঠিত হয়। এতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।