চিতলমারীতে মানবিক উদ্যোগে ১২ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

প্রকাশিত: ২৯ জুন ২০২৬, ০৮:৪২ পিএম
চিতলমারীতে মানবিক উদ্যোগে ১২ প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার

প্রিন্স মন্ডল অলিফ,  বাগেরহাট  প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে ১২ জন উপকারভোগীর হাতে এসব সহায়ক সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন।

এ সময় ইউএনও খাদিজা আক্তার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি তাদের শিক্ষা, চিকিৎসা ও চলাচলের সুযোগ নিশ্চিত করা সমাজের সবার দায়িত্ব। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান,চিতলমারী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক শেখ আছাদুজ্জামান আছাদ। চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সী, সাধারণ সম্পাদক প্রিন্স মন্ডল অলিফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের স্বজনরা আনন্দ প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে।