বাংলাদেশের প্রশংসায় স্টার্ক, স্বীকার করলেন অস্ট্রেলিয়ার দুর্বলতা
সূত্রঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম দিনেই ব্যাট-বলে দারুণ দাপট দেখিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১৯৮ রানে অলআউট করে দিন শেষে এক উইকেটে ৯৬ রান তুলেছে টাইগাররা। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের প্রশংসা করার পাশাপাশি নিজেদের বোলিং পরিকল্পনার দুর্বলতাও স্বীকার করেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক।
দ্বিতীয় দিনের খেলা শুরুর আগে চ্যানেল সেভেনকে দেওয়া সাক্ষাৎকারে স্টার্ক জানান, বাংলাদেশের ব্যাটারদের বিপক্ষে বোলিংয়ের লেংথে পরিবর্তন আনার পরিকল্পনা করেছে অস্ট্রেলিয়া।
তিনি বলেন, বাংলাদেশের ব্যাটিং ইউনিট তুলনামূলক খাটো গড়নের হওয়ায় তাদের বিপক্ষে আরও ফুল লেংথে বল করা প্রয়োজন। স্টাম্পের বাইরের বলগুলো বাংলাদেশি ব্যাটাররা বেশ ভালোভাবে ছেড়ে দিতে পারায় অস্ট্রেলিয়ার বোলাররা কাঙ্ক্ষিত সাফল্য পাননি বলেও জানান তিনি।
স্টার্কের ভাষ্য, বেশি ফুল লেংথে বল করলে বাংলাদেশ কিছু রান পেলেও সঠিক জায়গায় বল করতে পারলে তাদের ওপর চাপ তৈরি করা সম্ভব। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার বোলিং পরিকল্পনায় তাই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন এই বাঁহাতি পেসার।
প্রথম দিনের উইকেটের আচরণ বুঝতে না পারাও অস্ট্রেলিয়ার সমস্যার অন্যতম কারণ বলে মনে করেন স্টার্ক। তাঁর মতে, ম্যাচের শুরুতে উইকেটে আর্দ্রতা ও স্যাঁতসেঁতে ভাব থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য সেটি সহজ হয়ে ওঠে।
স্টার্ক বলেন, প্রথম দিনটি অস্ট্রেলিয়ার জন্য প্রত্যাশামতো ভালো যায়নি। উইকেট কেমন আচরণ করবে, তা নিয়ে দুই দলেরই কিছুটা অনিশ্চয়তা ছিল। তবে দিনের দ্বিতীয়ার্ধে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো হয়ে উঠলে বাংলাদেশও বেশ স্বচ্ছন্দে ব্যাটিং করেছে।
প্রথম ইনিংসে বাংলাদেশের পেসারদের তোপে মাত্র ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। হাসান মাহমুদ একাই ৫৫ রানে ৬ উইকেট নিয়ে স্বাগতিক ব্যাটিংয়ে ধস নামান। জবাবে দিনের শেষ দিকে বাংলাদেশ এক উইকেটে ৯৬ রান তুলে শক্ত অবস্থান তৈরি করে।
এদিকে দ্বিতীয় দিনে বাংলাদেশের ব্যাটাররা আরও বড় লিড নেওয়ার লক্ষ্যে ব্যাট করছে। ফলে অস্ট্রেলিয়ার সামনে এখন দ্রুত উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরতে না পারলে চাপ আরও বাড়ার শঙ্কা রয়েছে।









