ভাটারায় আ. লীগ ও সহযোগী সংগঠনের ৫৩ নেতা-কর্মী গ্রেপ্তার
সূত্রঃ সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা থানার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৫৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ব্যানার ও প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানার এম ব্লকের রোড-২৮ এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গ্রেপ্তারদের মধ্যে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী ও পুরুষ কর্মী রয়েছেন।
পুলিশের দাবি, ১৫ আগস্টকে সামনে রেখে ঢাকার বিভিন্ন এলাকায় শোক দিবস পালনের প্রস্তুতি এবং ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন। এ সময় তাদের কাছে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল। পরে তারা সেখানে খিচুড়ি খাওয়ার আয়োজন করেন।
অভিযানের সময় গ্রেপ্তারদের অনেকের পরনে সাদা পাঞ্জাবি ও বুকে কালো ব্যাজ ছিল বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে।
ওসি মাজহারুল ইসলাম আরও জানান, সেখানে আওয়ামী লীগের কয়েকজন বড় নেতার উপস্থিত থাকার কথা ছিল। তবে পুলিশ অভিযান চালানোর আগেই তারা সেখানে আসতে পারেননি।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।








