গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজি চালকদের সড়ক অবরোধ

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৮ এএম
গ্যাস না পেয়ে চট্টগ্রামে সিএনজি চালকদের সড়ক অবরোধ

সূত্রঃ সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি


চট্টগ্রামে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও সিএনজি না পাওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। শুক্রবার ভোরে নগরের ষোলশহর এলাকায় কয়েকশ চালক সড়কে অবস্থান নিলে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।


চালকদের অভিযোগ, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না। সরবরাহ কখন স্বাভাবিক হবে, সে বিষয়েও স্টেশন কর্তৃপক্ষ কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছে না।


ষোলশহরের ফসিল ফিলিং স্টেশনের সামনে গ্যাসের জন্য দীর্ঘ সারিতে কয়েকশ সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ক্ষুব্ধ চালকরা জানান, গ্যাসের অভাবে দুই দিন ধরে অনেকেই গাড়ি চালাতে পারছেন না। এতে তাদের আয় বন্ধ হয়ে গেলেও গাড়ির জমা ও সংসারের খরচ বহন করতে হচ্ছে।


শাহিন নামে এক চালক বলেন, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। কখন গ্যাস পাবেন, তার কোনো নিশ্চয়তা নেই। এ অবস্থায় পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে।


আরেক চালক মুজিবুল হক বলেন, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে একই পরিস্থিতি বিরাজ করছে। দ্রুত গ্যাস সংকটের সমাধান না হলে চালকদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না।


ফসিল ফিলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, গ্যাসের সরবরাহ না থাকায় সিএনজি দেওয়া সম্ভব হচ্ছে না। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদেরও কিছু করার নেই।


চালকদের অবরোধের কারণে সকাল থেকেই ষোলশহর, মুরাদপুর ও দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীদেরও দুর্ভোগে পড়তে হয়। গ্যাসের সংকটে নগরে সিএনজিচালিত অটোরিকশার চলাচল কমে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেড়েছে।


পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহেদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। চালকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে গ্যাস সরবরাহের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত চালকরা অবরোধ প্রত্যাহারে রাজি হচ্ছেন না।