প্রায় ৫ লাখ টাকার এলইডি স্ক্রিনে বিশ্বকাপ দেখাবে মাভাবিপ্রবি প্রশাসন
সাব্বির, মাভাবিপ্রবি প্রতিনিধি:
ফুটবল বিশ্বকাপ–২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রশাসন। বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শিক্ষার্থীরা যেন একসঙ্গে উৎসবমুখর পরিবেশে উপভোগ করতে পারে, সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অত্যাধুনিক এলইডি স্ক্রিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের উদ্যোগে তৃতীয় একাডেমিক ভবনের সামনে ৮ ফুট উচ্চতা ও ১০ ফুট দৈর্ঘ্যের একটি বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিতব্য এ স্ক্রিনে ফুটবল বিশ্বকাপ–২০২৬-এর পুরো আসরের সব ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শুধু খেলা সম্প্রচারই নয়, বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের জাতীয় দল ও তারকা ফুটবলারদের ছবি সম্বলিত বিশেষ থিমভিত্তিক ডিসপ্লেরও ব্যবস্থা রাখা হবে। ফলে শিক্ষার্থী, দর্শনার্থী ও ফুটবলপ্রেমীরা সেখানে স্মরণীয় মুহূর্ত ধারণ করতে পারবেন এবং ছবি তোলার সুযোগ পাবেন।
উল্লেখ্য, শিক্ষার্থীদের জন্য বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের দাবিতে গত ৯ জুলাই বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবির রহমান এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সোহানুর রহমান সোহান উপাচার্য বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্তমান উদ্যোগকে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ উদ্যোগকে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির একটি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে অভিহিত করছেন সংশ্লিষ্টরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রত্যাশা, বড় পর্দায় একসঙ্গে খেলা উপভোগের মাধ্যমে ক্যাম্পাসে বিশ্বকাপের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন ও আনন্দঘন পরিবেশ সৃষ্টি হবে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি বিশ্বের কোটি মানুষের আবেগের জায়গা। আমাদের শিক্ষার্থীরা যেন নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে একসঙ্গে খেলা উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করে যাবে।









