দেশের হয়ে খেলতে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পিএম
দেশের হয়ে খেলতে ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে দিলেন স্যান্টনার

সূত্রঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় অঙ্কের অর্থের হাতছানি থাকলেও জাতীয় দলের দায়িত্বকেই অগ্রাধিকার দিয়েছেন নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার। অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছ থেকে দুই বছরের জন্য প্রায় ১০ লাখ ডলারের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার।


নিউজিল্যান্ডের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন স্যান্টনার। আগামী ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে তিন সংস্করণের সিরিজ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ডের ব্যস্ত মৌসুম। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে চার টেস্টের সিরিজ রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় চুক্তি ও অধিনায়কত্বের দায়িত্ব ধরে রাখার পরিকল্পনাও রয়েছে তার।


আগামী বছর নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে চান স্যান্টনার। সুযোগ পেলে টুর্নামেন্টে নেতৃত্ব দেওয়ার ইচ্ছাও রয়েছে তার।


স্যান্টনারের সিদ্ধান্তকে তার ব্যক্তিত্ব ও জাতীয় দলের প্রতি অঙ্গীকারের প্রতিফলন হিসেবে দেখছেন নিউজিল্যান্ডের কোচ রব ওয়াল্টার। পুরো প্রক্রিয়ায় স্যান্টনারের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি।


নিউজিল্যান্ড হেরাল্ডকে ওয়াল্টার বলেন, স্যান্টনারের সিদ্ধান্ত দলকে সবার আগে রাখার মানসিকতারই প্রকাশ। দেশের অধিনায়কত্ব তার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটিও উল্লেখ করেন তিনি।


ওয়াল্টার বলেন, সামনে থাকা টেস্টগুলোতে খেলার ব্যাপারে স্যান্টনারের প্রবল আগ্রহ রয়েছে। তাই তার এমন সিদ্ধান্তে তিনি অবাক হননি।


জাতীয় দলের প্রতি স্যান্টনারের এই অগ্রাধিকার অবশ্য নতুন নয়। এর আগেই তিনি কেন্দ্রীয় চুক্তি ও নেতৃত্বের দায়িত্ব ধরে রাখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। একই সঙ্গে দেশের মাটিতে অনুষ্ঠেয় আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুত থাকতে চান তিনি। এ কারণেই দীর্ঘ মেয়াদে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকার পথ বেছে নেননি।


তবে নিউজিল্যান্ডের সব ক্রিকেটার একই ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন না। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ ধরে রাখতে ভিন্ন ধরনের চুক্তি বেছে নিয়েছেন ফিন অ্যালেন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান ও অ্যাডাম মিলনের মতো ক্রিকেটাররা। ডেভন কনওয়ে ও ফার্গুসনও নমনীয় চুক্তির ব্যবস্থায় গেছেন।


ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারকে নেতিবাচকভাবে দেখছেন না ওয়াল্টার। বিশ্বের বিভিন্ন লিগে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের সুযোগ পাওয়া তাদের আন্তর্জাতিক স্বীকৃতির অংশ বলেই মনে করেন তিনি।


তবে জাতীয় দলের হয়ে খেলার আগ্রহ ধরে রাখাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নিউজিল্যান্ডের এই কোচ। তার মতে, খেলোয়াড়দের দেশের হয়ে প্রতিনিধিত্ব করার ইচ্ছা ধরে রাখতে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে তারা সবসময় নিউজিল্যান্ডের হয়ে খেলতে আগ্রহী থাকে।